অনলাইন ডেস্ক:
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, এখন থেকে সারাবছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে ৩১ জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে জরিমানা গুণতে হবে।
গতকাল রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। করদাতারা ৩৬৫ দিনই ই-রিটার্ন জমা দিতে পারবেন। ৩১ জানুয়ারি পর্যন্ত যারা রিটার্ন দেবেন, তাদের করের হিসাব এক রকম থাকবে। কিন্তু ৩১ জানুয়ারির পর যারা রিটার্ন জমা দেবেন, তাদের ওপর অতিরিক্ত চার্জ যুক্ত হবে। বকেয়া করের ওপর প্রতি মাসে এই চার্জ ২ শতাংশ হবে এবং সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত তা কার্যকর থাকবে।”
এছাড়া, তিনি জানান, মোট ৪৮ শতাংশের বেশি চার্জ নেওয়া হবে না। বর্তমানে অনলাইনে ১২ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছেন এবং ৩১ জানুয়ারির মধ্যে এটি ১৪ লাখে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান কাস্টমসের গুরুত্ব তুলে ধরে বলেন, এক সময় দেশের রাজস্বের প্রধান উৎস ছিল কাস্টমস, কিন্তু এখন ধীরে ধীরে আয়কর আদায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “বর্তমানে দুই-তৃতীয়াংশ রাজস্ব পরোক্ষ কর থেকে আসে। তবে কাস্টমসের গুরুত্ব কমেনি, তা এখনও দেশের নিরাপত্তা ও ব্যবসায় সহায়তার জন্য অপরিহার্য।”
এছাড়া, বন্ড সংক্রান্ত বিষয়েও তিনি জানান, “আমরা বন্ডের কার্যক্রম অটোমেশনের মধ্যে এনেছি এবং আগামী মাস থেকে এটি কার্যকর হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।











