অনলাইন ডেস্ক:
আসন্ন ঈদুল ফিতরে ছোট পর্দার দর্শকদের জন্য মুক্তি পেতে যাচ্ছে এক ব্যতিক্রমী নাটক ‘লাইজু’। সাধারণত ঈদের নাটক মানে হাস্যরস ও কমেডি, তবে এ কে পরাগ পরিচালিত ‘লাইজু’ সে ধারার বাইরে গিয়ে এক বিশেষ গল্প উপস্থাপন করবে। গ্রামীণ জীবনের এক দুঃখ-বেদনা ও সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা এই নাটকটি হাসানোর পাশাপাশি দর্শকদের কিছু কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবে।
নাটকের কাহিনি শুরু হয় একটি মাইকের ঘোষণার মাধ্যমে, যেখানে বলা হয়, “লাইজু নামের একটা মেয়ে হারিয়ে গেছে, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারে না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান, তাহলে কাবিলপুর বাজারে চিশতী ফকিরের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হলো।” এর পর শুরু হয় পুরো গ্রামজুড়ে চাঞ্চল্য। হারিয়ে যাওয়া মেয়েটিকে খোঁজার মধ্য দিয়ে জন্ম নেয় নানা গুঞ্জন, বিতর্ক ও একের পর এক নাটকীয় মোড়।
গল্পের মোড় নেয় তখন, যখন লাইজু হঠাৎ ফিরে আসে। কিন্তু গ্রামের মানুষ তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না—কেউ মনে করে সে ভূত, কেউ ভাবে সে পাগল হয়ে গেছে। এরপর কাবিলপুর গ্রামে লাইজুকে ঘিরে নানা ষড়যন্ত্র, রাজনীতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা শুরু হয়।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মুশফিক আর ফারহান ও শরাফ আহমেদ জীবন। নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন ভাস্কর জনি, এবং এটি সিএমভি’র ব্যানারে নির্মিত। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ কে পরাগ।
পরিচালক এ কে পরাগ বলেছেন, “‘লাইজু’ শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন। গ্রামীণ জীবনের সৌন্দর্য, কঠোর বাস্তবতা ও সম্পর্কের টানাপোড়েন এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।”
এছাড়া, প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উপলক্ষে ‘লাইজু’সহ প্রায় ২০টি নতুন কনটেন্ট সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে নাটকগুলো প্রকাশিত হবে।











