ঈদে পশুর হাটে বিশৃঙ্খলা ঠেকাতে কড়া বার্তা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। হাটের বাইরে বা রাস্তায় পশুবাহী গাড়ি নিয়ে টানাটানি কিংবা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

 

মঙ্গলবার (১৯ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন, কাঁচা চামড়া পরিবহন, রাজধানীর সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

 

ডিএমপি কমিশনার বলেন, “হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না।” তিনি আরও বলেন, রাস্তায় পশুবাহী যানবাহন আটকে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ঈদকে কেন্দ্র করে জাল টাকার ঝুঁকি বিবেচনায় পশুর হাটগুলোতে ডিএমপির পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে ঈদের সময় সড়ক খোঁড়াখুঁড়ি থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

 

সভায় সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

 

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। পরে উপস্থিত প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।