উদ্বোধনের ১ বছরেও চালু হয়নি আখাউড়া-আগরতলা রেলপথ

নিজস্ব প্রতিবেদক:

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের উদ্বোধনের এক বছর পরেও ট্রেন চলাচল শুরু হয়নি। ২০২৩ সালের ১ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথের উদ্বোধন করেন, কিন্তু ট্রেন চলাচল শুরু হয়নি।

আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ প্রায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হলেও, দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল শুরুর কোনো কার্যক্রম হয়নি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত ১২.২৪ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই রেলপথের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালে। তবে করোনার কারণে প্রকল্পটির কাজ শেষ হতে দেরি হয় এবং ৬ বছরের বেশি সময় লেগে কাজ শেষ হয়।

নতুন এই রেলপথ দিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের আশা ছিল, কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন, এই রেলপথ ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর ব্যবসায়ীদের জন্য বেশি লাভজনক হবে। এতে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা জানান, ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বাংলাদেশের রপ্তানি কমবে এবং এই রেলপথ দিয়ে ভারতীয় ব্যবসায়ীরা নিজেদের পণ্য পরিবহনে সুবিধা পাবেন।

এই পরিস্থিতিতে আখাউড়া-আগরতলা রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরুর বিষয়টি এখনো অনিশ্চিত। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রূহি জানান, সরকারি সিদ্ধান্তের পরই বাণিজ্য শুরুর বিষয়টি চূড়ান্ত হবে।