ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিলেন অ্যানথ্রপিকের সিইও

প্রকাশিত: 26 November 2026, 7:10 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ভয়ংকর সতর্কবার্তা দিয়েছেন এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। গত বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা জানান।

দারিও আমোদেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এআইয়ের কাছে মানবজাতির নিয়ন্ত্রণ ও স্বাধীন ইচ্ছা সমর্পণ করা উচিত নয়। তার মতে, এআইয়ের ওপর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ছেড়ে দেওয়া হবে একটি ভয়ংকর সিদ্ধান্ত। বরং এই প্রযুক্তির ব্যবহার অবশ্যই বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় থাকতে হবে।

এমন এক সময়ে তিনি এই মন্তব্য করেছেন, যখন প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা পূর্বাভাস দিচ্ছেন যে, এআই শিগগিরই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অ্যানথ্রপিকের ভেতরে এআইয়ের কাছে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে এক ধরনের ঐকমত্য রয়েছে।

ওই প্রতিবেদনের জবাবে আমোদেই বলেন, তিনি যদি এসবকে ভালো ধারণা মনে করতেন, তাহলে প্রকাশ্যেই এর পক্ষে কথা বলতেন। গত কয়েক বছরে অনেক অজনপ্রিয় মতামতের পক্ষেও কথা বলতে তিনি পিছপা হননি উল্লেখ করে জানান যে, এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তুলে দেওয়া ভয়াবহ একটি ধারণা হওয়ায় তিনি তা করছেন না।

আমোদেইয়ের এই বক্তব্যের মাধ্যমে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) ও কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা (এএসআই) নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এজিআই বলতে মানুষের সমপর্যায়ের বা তার চেয়ে বেশি সক্ষমতাসম্পন্ন এআই এবং এএসআই বলতে মানুষের সেরা বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাওয়া এআইকে বোঝানো হয়। সিলিকন ভ্যালিসহ বিভিন্ন জায়গায় এ প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহার করা সম্ভব কি না, নাকি এটি মানবজাতির জন্য বিপর্যয়কর ঝুঁকি তৈরি করবে, তা নিয়ে তীব্র বিতর্ক চলছে।

এআই নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তিরা আশঙ্কা করছেন, অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানগুলোর তৈরি এআই মডেল একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে যখন এসব ব্যবস্থা মানুষের কোনো সহায়তা ছাড়াই নিজেদের সক্ষমতা বাড়াতে শুরু করবে, যে প্রক্রিয়াকে ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন বলা হয়। উল্লেখ্য, গত সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে আলোচনায় আসে অ্যানথ্রপিক।

আমোদেই তার এক্স পোস্টে আরও বলেন, এআইকে দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করানো এবং বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ এআইয়ের হাতে তুলে দেওয়া এক বিষয় নয়। এই দুটি ধারণাকে এক করে দেখার প্রবণতার সমালোচনা করে তিনি জানান যে, এটি এআইয়ের হাতে বিশ্ব পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া নয়, বরং এআই দিয়ে গাড়ি চালানো, ক্যানসারের ওষুধ তৈরি করা কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত সফটওয়্যার তৈরি করানোর বিষয়।

তিনি বলেন, এআইকে দিয়ে আরও বড় ও জটিল কাজ করানো অর্থনৈতিকভাবে মূল্যবান এবং সফটওয়্যার, চিকিৎসা, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে এই প্রযুক্তি। অনেক ক্ষেত্রে এআইয়ের এমন ব্যবহার স্পষ্টতই কাম্য এবং এর মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হলেও এর কিছু নেতিবাচক দিকও রয়েছে এবং কিছু ক্ষেত্রে এ ধরনের ব্যবহার উপযুক্ত নাও হতে পারে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশ না করা সূত্রের বরাته বলা হয়েছিল, আমোদেই ও অ্যানথ্রপিকের অন্য নির্বাহীরা মনে করেন, যেসব কাজ এআই মানুষের চেয়ে ভালো করতে পারে, সেসব ক্ষেত্রে এআইয়ের হাতে কর্তৃত্ব না দেওয়াটা অযৌক্তিক, এমনকি অনৈতিকও হতে পারে। রোগ নিরাময়ের মতো কাজের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন