নিজস্ব প্রতিবেদক:
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষায় অংশ নিতে অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে এবং শিক্ষার্থীরা আগামী ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। অন্যদিকে, পরীক্ষার্থীদের পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
কারা অংশ নিতে পারবেন এই বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেভাবে ফরম পূরণ করা যাবে, সেই বিষয়ে বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
প্রথমত, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।
দ্বিতীয়ত, সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।
তৃতীয়ত, নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রিন্ট করতে হবে।
চতুর্থত, প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
পঞ্চমত, এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
ষষ্ঠত, নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফরম পূরণের সময়সূচি অনুযায়ী অনলাইনে সম্ভাব্য তালিকা প্রদর্শন ও ফরম পূরণ ৫ থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।
এছাড়া সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২৬।
পরীক্ষার ফি কত হবে তা নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ফি বাবদ ৪আরও ৫০ টাকা দিতে হবে।
যেভাবে ফি জমা দিতে হবে সে বিষয়ে বলা হয়েছে, পরীক্ষার যাবতীয় ফি বোর্ডের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার কিংবা ট্রেজারি চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমার কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।











