এই হামলা ছিল একটি অসাধারণ সামরিক সাফল্য: ট্রাম্প

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ঘাঁটিগুলোতে সফলভাবে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্পের ভাষ্য, এই হামলা ছিল একটি “অসাধারণ সামরিক সাফল্য” এবং এখনই সময় ইরানের জন্য শান্তির পথ বেছে নেওয়ার।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প নিশ্চিত করেন, শনিবার (স্থানীয় সময়) রাত ১০টায় মার্কিন বাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বহু বছর ধরে এগুলো ইরানের পরমাণু কর্মসূচির মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

ট্রাম্প বলেন, “আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রের পারমাণবিক হুমকি থামাতে আমাদের সিদ্ধান্ত ছিল।”

তিনি সতর্ক করে বলেন, “তেহরান যদি এখনই শান্তির পথ না বেছে নেয়, তাহলে ভবিষ্যতের হামলা হবে আরও ভয়াবহ। আমরা অনেক লক্ষ্যবস্তু এখনও অক্ষত রেখেছি। যদি প্রয়োজন হয়, সেগুলোতেও দ্রুত এবং নির্ভুলভাবে হামলা চালানো সম্ভব।”

ইরানের ঘনিষ্ঠ ইয়েমেনের হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এর ‘ফল ভোগ করতে হবে’।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এ ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলেন, “এই হামলা মধ্যপ্রাচ্যে বিপজ্জনক উত্তেজনার বিস্তার ঘটাবে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার পরিণতি হতে পারে ভয়াবহ।”

হামলার কথা স্বীকার করলেও ইরান দাবি করেছে, এই আঘাতেও তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ হবে না। বরং তারা কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছে।

হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লেখেন, “আমরা ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে অত্যন্ত সফলভাবে হামলা চালিয়েছি।”