একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত এই বিশাল বাজেটের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লক্ষ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লক্ষ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫টি নতুন, ৪টি সংশোধিত এবং একটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প—৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন) এবং যশোর, কক্সবাজার, পাবনা, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের সম্প্রসারণ প্রকল্প। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় চরফ্যাশন উপজেলায় দারিদ্র্য বিমোচন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিনটি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ বিভাগের দুটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও ৭টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (FREAP), কেন্দ্রীয় প্যাকিং হাউজের ল্যাবরেটরি আধুনিকায়ন, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্য জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়া টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট স্থাপন প্রকল্প।
