ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
নিজস্ব প্রতিবেদক:
বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে সীমান্তে যেকোনো ধরনের নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়েছে। বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্তের নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং নারী ও শিশু পাচার রোধে বিজিবি সবসময়ই সতর্ক থাকে। তবে ডিসেম্বর মাসে নাশকতার আশঙ্কা এবং সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতৃবৃন্দের বেনাপোল সীমান্ত পরিদর্শনের প্রেক্ষাপটে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দল মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এছাড়া পাসপোর্টধারী যাত্রী ও আমদানিপণ্যবাহী ট্রাকগুলো কঠোর তল্লাশির আওতায় আনা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন জানান, অপরিচিত কাউকে এলাকায় দেখলে বিজিবিকে অবহিত করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানানো হয়েছে। আগে সীমান্তে একজন বিজিবি সদস্য টহল দিলেও এখন কয়েকজনের সমন্বয়ে দল গঠন করে টহল দেওয়া হচ্ছে। প্রতিটি পোস্টে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
আরেক স্থানীয় বাসিন্দা নূর ইসলাম বলেন, সীমান্তে বিজিবির তৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান স্থানীয়দের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। বিজয়ের মাসে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোন সক্রিয় করা হয়েছে। এছাড়া স্পর্শকাতর স্থানগুলোতে সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আধুনিক সরঞ্জাম ও নন-লেথাল ওয়েপনসহ রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
