ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল করতে চায় দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ

প্রকাশিত: 23 November 2026, 9:30 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এসকে গ্রুপ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুং। দলে ছিলেন এসকে গ্যাসের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্টসহ অন্য কর্মকর্তারা। বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণের প্রস্তাবিত বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপনা দেয়।

প্রতিনিধিদল জানায়, মাতারবাড়ীতে দক্ষিণ কোরিয়ার উলসানের মতো একটি জ্বালানি কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। উলসান দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় শিল্প ও জ্বালানি কেন্দ্র।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রক্রিয়া সহজ ও দ্রুত করার কাজ করছে। প্রকল্পটি দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন।

এসকে গ্রুপের প্রতিনিধিদল সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি জানিয়েছেন।

মন্তব্য করুন