এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে আহত ১২

অনলাইন ডেস্ক:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ৩টি গাড়ির সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ৪ কিলোমিটার এলাকাজুড়ে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনকে পেছন থেকে সুরভি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ ঘটনায় সুরভি পরিবহনের ১০-১২ জন যাত্রী গুরুতর আহত হন।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি। সড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।”