নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকার একটি ভবনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিকাল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি জানান, ভবনটির নিচতলায় প্লাস্টিক দ্রব্যের কারখানা ছিল এবং উপরের তলাগুলো আবাসিক হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার পর দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশপাশের ভবনগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান কাজী নজমুজ্জামান।
ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা এখনো সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।











