নিজস্ব প্রতিবেদক:
আগামী ১ এপ্রিল থেকে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) অর্ধেকের বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বুধবার (৬ মার্চ) সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার মৌখিকভাবে ডব্লিউএফপি রোহিঙ্গাদের জন্য মাথাপিছু রেশন কমানোর কথা জানায়। পরে বুধবার সংস্থাটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করে।
ফলে আগামী এপ্রিল থেকে রোহিঙ্গারা প্রতিমাসে মাথাপিছু সাড়ে ১২ ডলারের পরিবর্তে মাত্র ৬ ডলার রেশন পাবে।
তহবিল সংকটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিজানুর রহমান। তিনি বলেন, “ডব্লিউএফপি জানিয়েছে, তারা রোহিঙ্গাদের জন্য মাসিক সাড়ে ১২ ডলার বরাদ্দ রাখার চেষ্টা করেছে, কিন্তু প্রয়োজনীয় দাতা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে।”
কূটনৈতিক সূত্রগুলো জানায়, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) তহবিল বাতিলের নেতিবাচক প্রভাব রোহিঙ্গা শরণার্থীদের ওপর পড়েছে।
এর আগে, কক্সবাজারে ডব্লিউএফপির অর্থসহায়তার প্রায় ৮০ শতাংশ আসত যুক্তরাষ্ট্র থেকে। তবে গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী ইউএসএআইডির তহবিল বন্ধের ঘোষণা দেন, যার ফলে ডব্লিউএফপি তহবিল সংকটে পড়ে।











