অনলাইন ডেস্ক:
রায়হান রাফীর পরিচালনায় আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’, যেখানে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা **শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ সাবিলা নূরকে। বহু গুঞ্জনের পর অবশেষে নিশ্চিত হলো এই খবর—‘তাণ্ডব’ দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে সাবিলার।
প্রথমে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছিলো প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। পরে নায়িকা নির্বাচন ঘিরে জটিলতার কারণে ৮ এপ্রিলের নির্ধারিত শুটিং বাতিল হয় বলে জানায় একটি সূত্র। সব জল্পনার অবসান ঘটে শুটিং চলাকালে ফাঁস হওয়া একটি ভিডিও ফুটেজে, যেখানে শাকিব ও সাবিলাকে একসঙ্গে ক্যামেরার সামনে দেখা যায়।
জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমার কাহিনি আবর্তিত হবে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা কেন্দ্র করে। এতে বিশেষ একটি চরিত্রে থাকছেন জয়া আহসান। পাশাপাশি মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা যেতে পারে চিত্রনায়ক শরিফুল রাজকে।
সিনেমার গল্প রচনা করেছেন রায়হান রাফী নিজেই, চিত্রনাট্যে ছিলেন আদনান আদিব খান। শুটিং হয়েছে ঢাকার এফডিসি থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে।
‘তাণ্ডব’ মুক্তি পাবে ২০২৫ সালের কোরবানির ঈদে, শাকিব-সাবিলা জুটিকে ঘিরে ইতিমধ্যে দর্শকের আগ্রহ তুঙ্গে।











