নিজস্ব প্রতিবেদক:
২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। মোট ৬০ হাজার ৯৫ জন পরীক্ষার্থী পাস করেছেন।
এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে এক লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে, যার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
ফলাফলে দেখা যায়, ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণদের মধ্যে ২২ হাজার ১৫৯ জন ছেলে, যা মোট উত্তীর্ণদের ৩৬ দশমিক ৮৭ শতাংশ এবং ৩৭ হাজার ৯৩৬ জন মেয়ে, যা ৬৩ দশমিক ১৩ শতাংশ। এবারের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল ৯০ দশমিক ৭৫।
গত ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস ভর্তি পরীক্ষা দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
এ বছর সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।











