এসবি পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক:

সাত বছর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুবাইয়ে পলাতক রয়েছেন আরাভ খান ও তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া। বাকিরা হলেন— রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানী এলাকায় খুন হন এসবি পরিদর্শক মামুন ইমরান খান। তার ভাই তিন দিন পর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ আট আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে।

মামলার বিচার চলাকালে ২৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সব বিবেচনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।