কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এর বাইরে পৃথক আরেকটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেলআরোহী।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দক্ষিণ মিঠাছড়ির কাটির মাথা রেলক্রসিং এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পর্যটক এক্সপ্রেস ট্রেনের এই মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশায় চেপে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটির মাথা রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে। নিহতদের সবার বাড়ি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে জানা গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন প্রবাসীর স্ত্রী ও একটি শিশু রয়েছে। এছাড়া এই ঘটনায় আরও একজন ব্যক্তি আহত হয়েছেন।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় শহিদুল ইসলাম নয়ন নামের এক ব্যক্তি নিহত হন। নিহত নয়ন উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা শরীফ মাহমুদ চৌধুরীর ভাগিনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, শুক্রবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন এবং বিকেল ৩টার দিকে সিএনজি ও ট্রেনের সংঘর্ষে তিনজনসহ মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি আরও জানান, রেলক্রসিংয়ের ঘটিত দুর্ঘটনার বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ বর্তমানে দেখভাল করছে।
