ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দুপুরেই রাজধানীতে নামল সন্ধ্যার অন্ধকার

প্রকাশিত: 20 November 2026, 4:23 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল থেকেই রাজধানীতে একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে, যা স্পষ্টতই শীতের আগমনী বার্তা দিচ্ছে। একটানা এই বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ আর শীতল আবহাওয়ায় পুরোপুরি বদলে গেছে চিরচেনা এই নগরীর দৃশ্যপট। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ঘন মেঘের চাদরে ঢাকা পড়ে আজ দুপুরেই যেন রাজধানীতে নেমে আসে সন্ধ্যার অন্ধকার। ঝিরিঝিরি এই বৃষ্টির মধ্যেই নগরবাসীকে ছাতা মাথায় দিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছুটতে দেখা গেছে।

আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে সারা দেশের জন্য দেওয়া অপর এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও আশঙ্কা রয়েছে। তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন