ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ গাড়ি; এমপি সেলিমের বাড়িতেও হামলা

প্রকাশিত: 20 November 2026, 5:43 pm আপডেট: 20 November 2026, 6:52 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জে সংসদ সদস্যের বাড়ি ও থানায় ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে কাশিয়ানী ও মুকসুদপুরে এসব ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা হয়। দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়া নেতাকর্মীরা প্রথমে দোতলা পাকা বাড়ি ও টিনশেড ঘরে ভাঙচুর চালান। পরে পেট্রল ও অকটেন ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলার আগেই বাড়িতে থাকা এমপির স্বজনরা বের হয়ে যাওয়ায় কোনো প্রাণহানি হয়নি।

এর প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে থানা প্রাঙ্গণে থাকা পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি গাড়ি পুড়ে গেছে। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না।

একই দিন মুকসুদপুর গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়া হয়। উপজেলা বিএনপির কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী, রাঘদী ও দিগনগরসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াতেও বৃষ্টির মধ্যে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়।

নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে উত্তেজনা চলছে। এর আগে গত ১৭ নভেম্বর রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ১৮ নভেম্বর রাতে হামলা হয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মালিকানাধীন একটি হাসপাতালে।

মন্তব্য করুন