অনলাইন ডেস্ক:
ম্যানচেস্টার সিটির দুঃসময় যেন কাটছেই না। একের পর এক ম্যাচে হারতে হারতে দলটি এখন সংকটে পড়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে তারা, যা ছিল সব ধরনের প্রতিযোগিতায় সিটির নবম হার।
এই হারে বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে, ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে ৯ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে, ম্যান সিটিকে পেছনে ফেলে অ্যাস্টন ভিলা উঠে গেছে পঞ্চম স্থানে, সমান ম্যাচে তাদের পয়েন্ট ২৮।
এই ম্যাচে, ঘরের মাঠে ১৬ মিনিটে অ্যাস্টন ভিলা এগিয়ে যায়। মর্গান রজার্সের বাড়ানো বল পেয়ে বাম পায়ের শটে গোল করেন জন ডুরান। বিরতির পর ৬৫ মিনিটে ভিলা তাদের লিড দ্বিগুণ করে, জন ম্যাকগিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন মর্গান রজার্স।
ম্যাচের যোগ করা সময়ে ম্যানসিটি একটি গোল শোধ দেয়। ৯০+৩ মিনিটে ফিল ফোডেনের গোলটি কেবল ব্যবধান কমিয়েছে, তবে হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।
ম্যাচের পর, সিটির কোচ পেপ গার্দিওলা খেলোয়াড়দের ইনজুরির সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এটার সমাধান হলো ইনজুরি থেকে খেলোয়াড়দের ফিরে আসা। আমাদের এখন কেবল একজন সেন্ট্রাল ডিফেন্ডার রয়েছে, যিনি পুরোপুরি ফিট। এভাবে খেলা তো কঠিন। পরবর্তী ম্যাচে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। আরও একটি সুযোগ আমাদের জন্য। আশা করছি ভালো সময় বেশি দূরে নয়।”
এই পরাজয়ের ফলে সিটির জন্য আরও চ্যালেঞ্জিং সময় আসছে, এবং তাদের পরবর্তী ম্যাচে পরিস্থিতি কেমন হয় তা এখন সবার নজরে।











