কলম্বিয়ায় বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৬০

অনলাইন ডেস্ক:

কলম্বিয়ার কাটাটুম্বো অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে। শনিবার দেশটির সরকারি মানবাধিকার ন্যায়পালের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও রেভুল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) মধ্যে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এ সংঘর্ষে ৩২ জন অপহৃত হয়েছেন এবং অনেক মানুষ প্রাণভয়ে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গত সপ্তাহে ইএলএনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে একটি বৈঠক বাতিল করেন, যেটি সংঘর্ষের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছিল।

এদিকে, ইএলএন তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেছে, ফার্কই এই সংঘর্ষ উসকে দিয়েছে, তাদের বিরুদ্ধে বেসামরিক হত্যার অভিযোগ তুলেছে ইএলএন। তবে শুক্রবার তারা জানিয়েছে, সহিংসতা কমানোর জন্য তাদের সশস্ত্র সদস্যদের প্রত্যাহার শুরু হয়েছে।

নিরাপত্তা বাহিনীর মতে, কাটাটুম্বো অঞ্চল ভেনেজুয়েলার সীমান্তবর্তী হওয়ায় এটি মাদক পাচারের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় থাকে। কলম্বিয়ার সরকার ২০২২ সাল থেকে এই সংঘর্ষের সমাধান করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, তবে প্রায় ছয় দশকের অভ্যন্তরীণ সংঘর্ষে কলম্বিয়ায় অন্তত সাড়ে চার লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

ন্যায়পালের কার্যালয় সতর্ক করে দিয়ে বলেছে, ইএলএনের বিরোধিতা করার জন্য সমাজকর্মী ও তাদের পরিবারের সদস্যরা অপহরণের ঝুঁকিতে রয়েছে এবং বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে তারা।