কাকে বিয়ে করতে যাচ্ছেন তাহসান ?

নিজস্ব প্রতিবেদক:

নতুন বছর শুরু হতে না হতেই ভক্তদের জন্য চমকপ্রদ খবর নিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তিনি বাংলাদেশি-আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই। যদিও সামাজিক মাধ্যমগুলোর মাধ্যমে এই বিয়ের খবর ছড়িয়ে পড়লেও তাহসান জানিয়েছেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি।

রোজা আহমেদ, যিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং একজন সফল উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করার পর তিনি নিউ ইয়র্কের কুইনসে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। গত এক দশক ধরে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে ব্যাপক পরিচিত। এছাড়া, কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হওয়ার জন্য সহায়তা করেছেন তিনি।

তাহসান খান দেশের বিনোদন জগতের অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব। গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক হিসেবে তার খ্যাতি রয়েছে। ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে সংগীত ক্যারিয়ারের শুরু হলেও, পরে এককভাবে তিনি সাফল্যের শীর্ষে পৌঁছান। তার অভিনয়ও বড় ও ছোট পর্দায় প্রশংসিত হয়েছে।