ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কানাডা প্রবাসী নারী হত্যা: স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে বিচার শুরু

প্রকাশিত: 11 November 2026, 3:22 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর দক্ষিণখানে বছর তিনেক আগে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর মরদেহ পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলমের আদালত বুধবার এই অভিযোগ গঠনের আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্যস্ত করা হয়েছে।

বিচার কার্যক্রম শুরু হওয়া পাঁচ আসামি হলেন— নিহত নারীর স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার এবং খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী।

আসামিদের মধ্যে প্রধান অভিযুক্ত স্বামী আশরাফুল বর্তমানে কারাগারে আটক রয়েছেন। শুনানির আগে পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া অপর চার আসামি জামিনে মুক্ত থেকে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন।

গত ১৪ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি সম্পন্ন হয়েছিল। এরপর আদালত আদেশের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরবর্তীতে ওইদিনও তা পিছিয়ে ১৯ অক্টোবর নির্ধারণ করা হয়। এরপর আবারও সময় বাড়িয়ে ১১ নভেম্বর দিন ঠিক করে ট্রাইব্যুনাল।

বুধবার নির্ধারিত দিনে আসামিদের বিরুদ্ধে আদালতে আনীত আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হয়। তবে এ সময় তারা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

আসামিদের আইনি লড়াইয়ের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলমসহ বেশ কয়েকজন আইনজীবী আদালতে অব্যাহতি চেয়ে শুনানি পরিচালনা করেন। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী হিসেবে ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু আসামিদের বিরুদ্ধে কঠোর অভিযোগ গঠনের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ২৬ মে রাজধানীর দক্ষিণখানের নদ্দায় কানাডা প্রবাসী মোছা. আফরোজাকে বটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেন স্বামী আশরাফুল ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। এই নৃশংস ঘটনার পর নিহতের ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে গত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন অভিযুক্ত স্বামী আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

ঘটনার পরপরই আফরোজাকে খুন করে পালিয়ে কানাডা চলে যান প্রধান অভিযুক্ত স্বামী আশরাফুল। দীর্ঘ সময় পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারেই বন্দি জীবন কাটাচ্ছেন।

মন্তব্য করুন