বেনজীর জামিন পেলেও দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে পরিষ্কার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ জোরালোভাবে অব্যাহত রেখেছে এবং এজন্য সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় আইনজীবীও নিয়োগ করা হয়েছে। এছাড়া তার বর্তমান অবস্থান ও চলাচলের ওপর নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় কার্যক্রমও চালমান রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সাবেক আইজিপি বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার সার্বিক বিষয়ে সংসদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। এ সময় জাতীয় সংসদের উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জানান, বেনজীর আহমদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার সুনির্দিষ্ট অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ফলশ্রুতিতে, ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোল আনুষ্ঠানিকভাবে রেড নোটিশ জারি করে।
মন্ত্রী আরও জানান, পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় যে বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে দেশটির ফেডারেল আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়।
নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে মাত্র চার দিনের ব্যবধানে, অর্থাৎ চলতি বছরের ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়ে দেয় বাংলাদেশ। একই দিনে প্রয়োজনীয় তথ্য ও পারস্পরিক সমন্বয়ের স্বার্থে ওই অনুরোধপত্রের একটি অনুলিপি এনসিবি আবুধাবিকেও পাঠানো হয়েছিল বলে উল্লেখ করেন মন্ত্রী।
জামিন পাওয়ার পরও যে প্রত্যর্পণ প্রক্রিয়া সমাপ্ত হয়ে যায়নি, তা স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ মূলত একটি জটিল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। কেবল ইন্টারপোলের রেড নোটিশ জারি বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমেই প্রত্যর্পণের মতো বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যায় না। অনুরোধ গ্রহণকারী দেশের সেন্ট্রাল অথরিটি ও সে দেশের সংশ্লিষ্ট আদালত তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রত্যর্পণের আবেদন, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য সমস্ত আইনগত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির জামিন লাভের অর্থ এই নয় যে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার বা প্রত্যাখ্যান করা হয়েছে। একইভাবে, একটি প্রত্যর্পণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে আইনগত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করা আবশ্যক হওয়াকে কোনোভাবেই সরকারের নিষ্ক্রিয়তা কিংবা ব্যর্থতা হিসেবে দেখা সংগত হবে না।
মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে চাওয়া অতিরিক্ত নথিপত্র এরই মধ্যে যথানিয়মে পাঠানো হয়েছে। পাশাপাশি বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার আইনি লড়াই পরিচালনার জন্য সেখানে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও প্রশাসনিক সমন্বয় অব্যাহত রাখা হয়েছে।
এদিকে শুধু দেশে ফিরিয়ে আনাই নয়, বিদেশে বেনজীরের নামে থাকা অবৈধ সম্পদের বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা বিভিন্ন সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তিনি আরও যোগ করেন, প্রয়োজনীয় সকল রেকর্ডপত্র, তথ্য ও প্রমাণ হাতে পাওয়ার পর অপরাধলব্ধ এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত কিংবা পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রযোজ্য আইন, আদালতের সুনির্দিষ্ট আদেশ এবং আন্তর্জাতিক আইনগত সহযোগিতার কাঠামোর আওতায় পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী সকল প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ করতে সক্ষম হয়েছে। দেশের প্রচলিত আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার সকল ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ সরকার দৃঢ়ভাবে অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে গত ৮ সেপ্টেম্বর কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে গৃহীত একটি সুনির্দিষ্ট প্রস্তাবের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল যে বেনজীর আহমদ কীভাবে দুবাইয়ে জামিন পেলেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে সরকার কী কী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে। মূলত ওই প্রস্তাবের প্রেক্ষাপটেই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এই বিস্তারিত তথ্য তুলে ধরে বর্তমান পরিস্থিতি স্পষ্ট করলেন।
