নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপে বসবে ইসি। একই দিনে আরও ১০টি রাজনৈতিক দলকেও আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, চার দিনব্যাপী এই সংলাপে মোট ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দুইটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা এবং তিনটি দলের নিবন্ধন বাতিল হওয়ায় তালিকায় পরিবর্তন এসেছে।
ইসি সূত্র জানায়, বুধবার সকালের অধিবেশনে আলোচনায় অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
বিকেলের অধিবেশনে উপস্থিত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।











