কোটা বাতিলের দাবিতে ঢামেকের শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে প্রকাশিত ফলাফলের প্রতিবাদে আজ ২০ জানুয়ারি, সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁরা অবিলম্বে ফলাফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এই আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী। তিনি বলেন, “আমার ছেলে বা মেয়ে ৭৩ পেয়ে মেডিকেলে চান্স পাচ্ছে না, অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেনো এই বৈষম্য থাকবে? আমরা এই ফল মানি না।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রয়োজনে ঢাকা মেডিকেলসহ সারাদেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবে। সুতরাং, এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে।” আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান।

এর আগের দিন ১৯ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা কোটা পদ্ধতির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে ভিসি চত্বর, টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়, সেখানে তারা কোটাবিরোধী স্লোগান দেন।