অনলাইন ডেস্ক:
কোস্টারিকা ঘোষণা করেছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত বিভিন্ন দেশের অভিবাসীদের গ্রহণ করতে ইচ্ছুক। এর আগে পানামা এবং গুয়াতেমালাও একই প্রস্তাব দিয়েছিল।
গত সোমবার কোস্টারিকার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বুধবার ২শ’ জন অভিবাসী, যাদের মধ্যে মধ্য এশিয়া এবং ভারত থেকে আসা লোকজন রয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোস্টারিকায় আসবেন। এই অভিবাসীদের প্রত্যাবাসনে কোস্টারিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করছে।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রথম দলভুক্ত অভিবাসীদের পানামা সীমান্তের কাছে একটি অস্থায়ী অভিবাসী কেন্দ্রে রাখা হবে এবং এই কার্যক্রমটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর তত্ত্বাবধানে মার্কিন সরকার অর্থায়ন করবে।
এছাড়া, পানামা এবং গুয়াতেমালা ইতোমধ্যেই একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পানামা গত সপ্তাহে ১১৯ জন অভিবাসী গ্রহণ করেছে, যাদের মধ্যে চীন, পাকিস্তান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা লোকজন রয়েছে। গুয়াতেমালায় এখনও কোনো অভিবাসী পৌঁছায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি ‘লক্ষ লক্ষ’ অভিবাসীকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছিলেন। এর আগে, ৩০০ জন ভারতীয়কে সামরিক বিমানে ফেরত পাঠানো হয়েছিল, যার ফলে ভারতে ক্ষোভের সৃষ্টি হয়। তবে, গত সপ্তাহে ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিবাসন বিষয়ে ট্রাম্পের পক্ষ নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে, তিনি অবৈধ অভিবাসীদের ফেরত নেবেন।











