কোয়ান্টাম প্রযুক্তিতে বিশ্বনেতৃত্ব নিতে বড় তহবিল ইউরোপের
অনলাইন ডেস্ক:
কোয়ান্টাম প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন। ২০৩০ সালের মধ্যে এই খাতে বিশ্বনেতৃত্ব অর্জনের লক্ষ্য নিয়ে ৫০ বিলিয়ন ইউরো বা প্রায় ৫৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারের একটি বিশাল ইকুইটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার এই তহবিল প্রস্তাবের পাশাপাশি সরকারি ক্রয়চুক্তিতে ইউরোপীয় কোম্পানিগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও সামনে আনা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রস্তাবিত ‘কোয়ান্টাম অ্যাক্ট’-এর মূল উদ্দেশ্য হলো ইউরোপের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর চিপ ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের তুলনায় ইউরোপ কিছুটা পিছিয়ে রয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই ব্যবধান ঘুচিয়ে আনতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
খসড়া আইন অনুযায়ী, নিরাপত্তা, ইউনিয়নের কৌশলগত স্বার্থ এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের বিষয়টি মাথায় রেখে সরকারি ক্রয়প্রক্রিয়া সীমিত রাখা হবে। এখন থেকে কেবল ইউরোপীয় ইউনিয়ন-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা পণ্য, ব্যবস্থা ও সেবাই সরকারি কাজে অগ্রাধিকার পাবে।
ভবিষ্যতের কৌশলগত প্রযুক্তি হিসেবে কোয়ান্টাম খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইউরোপ। নতুন তহবিল ও নীতিগত কাঠামোর মাধ্যমে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ, উদ্ভাবন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা আরও সুসংহত করতে চায় ইউরোপীয় কমিশন।
