২৫ দিন বন্ধ থাকবে আদানির এক ইউনিটের বিদ্যুৎ সরবরাহ
নিজস্ব প্রতিবেদক:
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এই বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম (এওএইচ) চলবে। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবেই সচল থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আদানি পাওয়ারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই পূর্বপরিকল্পিত এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫ দিনব্যাপী এই কার্যক্রমে ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হবে।
আদানি পাওয়ার কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিকল্পিত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি প্রদান করেছে। রক্ষণাবেক্ষণ চলাকালীন বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ইউনিটটি নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
