যুক্তরাষ্ট্রের উপকূলে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে দুই শিশুসহ ছয়জন আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে নিখোঁজ আরোহীদের উদ্ধারে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন কোস্ট গার্ড।
মার্কিন কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, একক ইঞ্জিনবিশিষ্ট ‘সেসনা ২১০’ মডেলের ওই উড়োজাহাজটিতে চারজন প্রাপ্তবয়স্ক ছাড়াও ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলে শিশু আরোহী হিসেবে ছিল। মঙ্গলবার বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছাকাছি মেক্সিকো উপসাগরে এই দুর্ঘটনাটি ঘটে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন (এফএএ) তাদের প্রাথমিক তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কোস্ট গার্ড জানায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার থেকে তাদের জানানো হয় যে তারা উড়োজাহাজটির সঙ্গে রাডার যোগাযোগ হারিয়ে ফেলেছে। দুর্ঘটনার ঠিক আগে উড়োজাহাজটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচের দিকে নামছিল এবং শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে গিয়ে পানিতে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ড জানিয়েছে, তল্লাশি চালানোর সময় ইতোমধ্যে উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো আরোহীর সন্ধান পাওয়া যায়নি।
ফ্লাইটরাডার২৪-এর ফ্লাইট ডেটা অনুযায়ী, উড়োজাহাজটি নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল এবং ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাত্রা করেছিল। এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত পরিচালনা করবে বলে নিশ্চিত করা হয়েছে।
