ক্যারিবীয় অঞ্চলে আরও একটি ট্যাংকার জব্দ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক:

ভেনেজুয়েলায় নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজের যাতায়াত ঠেকাতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে বলে মঙ্গলবার জানিয়েছে ওয়াশিংটন।

 

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, ‘মোটর ভেসেল সাগিটা’ নামের ওই জাহাজ প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজের ওপর আরোপিত ‘কোয়ারেন্টাইন’ অমান্য করে চলাচল করছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

 

কোনও ধরনের সংঘর্ষ ছাড়াই জাহাজটিকে জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

 

সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, ‘ভেনেজুয়েলা থেকে যে তেলই বের হবে, তা অবশ্যই যথাযথ ও আইনসম্মতভাবে সমন্বিত হতে হবে।’

 

এই পোস্টের সঙ্গে সমুদ্রে একটি জাহাজের ওপর থেকে তোলা ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়।

 

ডিসেম্বরে অবরোধ ঘোষণার পর এ নিয়ে মোট সাতটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র।

 

এর মধ্যে চলতি মাসের শুরুতে উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার উপকূল থেকে ধাওয়া করে একটি রাশিয়া-সংযুক্ত ট্যাংকারও আটক করা হয়।

 

ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে বড় ধরনের নৌবহর মোতায়েন করেছে।

 

যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, মাদক পাচারে ব্যবহৃত নৌযানে হামলা, তেলবাহী ট্যাংকার জব্দ ও ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটক করতে ‘চমকপ্রদ’ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, মাদুরোর ক্ষমতাচ্যুতির পর ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকবে।

 

তিনি এও দাবি করেছেন যে ইতোমধ্যে কিছু তেল জব্দ করে তা বিক্রি করা হয়েছে।

 

তবে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ট্রাম্পের এ সব দাবি অস্বীকার করেছে।

 

তারা জানিয়েছে, কারাকাস এখনও দেশের তেলের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বিক্রির বিষয়ে আলোচনায় রয়েছে।