অনলাইন ডেস্ক:
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ক্যাশিয়ার সাব্বির হোসেন রাজু ওরফে মোটা রাজুসহ পাঁচ সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার রাতে নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছন থেকে তাদের আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ হয়েছে। আটক অন্যরা হলেন- সৈয়দ সিবগাতুল্লাহ দীপ্র, রনি, রায়হান ও রাসেল খান।
তাদের বিরুদ্ধেও গ্রেনেড বাবুর ছত্রছায়ায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। সোনাডাঙ্গা থানার এসআই খালিদ জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল নগরীর শেখপাড়া এলাকার আগাখান স্কুলের পেছনে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের খুলনা সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।











