নিজস্ব প্রতিবেদক:
খুলনা মহানগরীতে খাদ্য পরিবহন (সড়কপথ) ঠিকাদার সমিতির দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শেখ হারুনুর রশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর খানজাহান আলী রোড এলাকার আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত শেখ হারুনুর রশিদ খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহসভাপতি এবং মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা, তিনি মৃত শেখ আব্দুর রউফের ছেলে। গুলিটি তার ডান পায়ে লাগে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির কার্যালয় ও নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধই মঙ্গলবার দুপুরে সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি এবং একপর্যায়ে গুলির ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের সময় গুলির ঘটনা ঘটে। তবে কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”
এদিকে সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম দাবি করেছেন, আদালতের রায় অনুযায়ী তারা সমিতির দায়িত্ব নিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। তিনি অভিযোগ করে বলেন, “স্বপন এসে গোলাগুলির হুমকি দেয়। পরে শর্টগান দিয়ে গুলি চালালে হারুনুর রশিদের পায়ে লাগে।”
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।











