জেলা প্রতিনিধি :
খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই অস্থায়ী এই মার্কেটের অন্তত ৫০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
পুড়ে যাওয়া দোকানগুলোতে কসমেটিকস, জামাকাপড়, জুতা, ব্যাগসহ ঈদ উপলক্ষে নানা সামগ্রী বিক্রি করা হচ্ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে এক বছর ধরে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানিয়েছেন, “নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মার্কেটের প্রায় ৫০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।”
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন। ঈদের আগে এমন ভয়াবহ ক্ষতি কাটিয়ে উঠতে তারা সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।











