অনলাইন ডেস্ক:
নওগাঁ জেলার ৯ জন নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার, নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল নিহত ব্যক্তিদের পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন।
এ সময় জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে সিভিল সার্জন নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ এরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী, আরমান হোসেন, তানজিম বিন বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে ঢাকা ও গাজীপুরে সংঘটিত গণঅভ্যুত্থানে নওগাঁর ৯ জন ব্যক্তি নিহত হন। নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার ভোলাগাড়ী গ্রামের রাসেল রানা, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের ফাহমিদ জাফর, শ্রীধরগুরনাই গ্রামের শাকিল আনোয়ার, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বিপ্লব, নওগাঁ পৌরসভার উকিলপাড়া দপ্তরীপাড়া এলাকার আস সবুর, দোগাছী গ্রামের মাহফুজ আলম শ্রাবণ, নিয়ামতপুর উপজেলার রায়হান আলী, ধামইরহাট উপজেলার ফারসিপাড়া কৈপাড়া গ্রামের বায়েজিদ বোস্তামী এবং বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের রিদোয়ান শরীফ রিয়াদ।
নিহত ফাহমিদ জাফরের মা, কাজী মাখমিন শিল্পী, চেক গ্রহণকালে বলেন, “আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, তার জন্য আমরা গর্বিত। রাষ্ট্র আমাদের সহায়তা না করলেও কোন দুঃখ থাকতো না।”
এআর্থিক সহায়তা প্রদান ছাড়াও নিহতদের পরিবারদের বিভিন্ন ধরনের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে।











