অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও ধ্বংসস্তূপের নিচে লাশ উদ্ধারের কাজ থেমে নেই। সর্বশেষ উদ্ধার করা হয়েছে আরও ৬টি লাশ, যার ফলে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩০০ জনে পৌঁছেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আক্রমণের ফলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত গাজায় ৪৮ হাজার ২৯১ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও একজন ফিলিস্তিনি ইসরায়েলি গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন, যার ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৭২২ জন।
এছাড়া, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপে বা রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। পরিস্থিতি অত্যন্ত সংকটাপূর্ণ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফায় আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে, পশ্চিম তীরে জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুলে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এই সপ্তাহে শুরু হবে। হামাসও গতকাল বৃহস্পতিবার চার বন্দির মৃতদেহ হস্তান্তর করতে এবং শনিবার আরও ছয় জীবিত বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে।
১৯ জানুয়ারি থেকে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর ১৫ মাসের সংঘর্ষ শেষ হয়। এই চুক্তির তিনটি ধাপে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্য রয়েছে।











