গাজীপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক (১৪) নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৫ মে) সকাল ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

জানা গেছে, গত মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে ওমর ফারুক সড়ক পার হওয়ার সময় একটি বেপরোয়া বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢামেকে স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সকালে ওমরের মৃত্যুর খবর পেয়ে সহপাঠীরা ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা দাবি জানায়, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে এবং যানবাহনের বেপরোয়া চলাচল রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করতে কাজ করছে। এ বিষয়ে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।