গাজীপুরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কায় শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করে। তাৎক্ষণিক আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বরমী বাজার থেকে শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপিরবাড়ী বাজার হয়ে গাজীপুর সদর উপজেলার মোশারফ কারখানায় যাচ্ছিল।

পথে আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে পৌঁছালে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। শ্রীপুর থানার এসআই আবদুল কুদ্দুস বলেন, শ্রমিকবাহী একটি লেগুনা আনসার টেপিরবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহত ও আহত সবাই গাজীপুর সদর উপজেলার মোশারফ কারখানার শ্রমিক। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি। শ্রমিকবাহী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।