অনলাইন ডেস্ক:
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে লাগা এই আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট নিরলস কাজ করে যাচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হন এবং ১০টা ২৫ মিনিটে পশ্চিম শৈলডুবি এলাকায় ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও তিনটি এবং পরে আরও ৪টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। কারখানার ভেতর প্রচুর পরিমাণে খালি কার্টুন সংরক্ষিত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর ভয়াবহতা বৃদ্ধি পায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।











