গাজীপুরে সোয়েটার কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি :

গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার নামে একটি কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, ২৫% উৎপাদন বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। তাদের আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে, যার ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। তারা প্রথমে কারখানায় কাজ না করে এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দুই পাশে যানজট লেগে যায়, যা শত শত যাত্রীকে ভোগান্তিতে ফেলেছে। অনেক যাত্রী পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

শ্রমিকদের অভিযোগ, ইসমক্স সোয়েটার কারখানায় প্রায় ১,২০০ শ্রমিক কাজ করছেন। তারা দীর্ঘ দিন কাজ করলেও ওভার টাইম বিল, নাইট বিল, মাতৃকালীন ছুটি, বাৎসরিক টাকা পান না। এছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। শ্রমিকরা তাদের ১৪ দফা দাবি, বিশেষ করে ঈদ বোনাস, ওভার টাইম বিল, এবং জিএমের পদত্যাগের দাবিতে এই আন্দোলন শুরু করেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, “শ্রমিকদের বিক্ষোভ এবং সড়ক অবরোধের কারণে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।”