গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন

অনলাইন ডেস্ক:

রাজধানীর কুর্মিটোলায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা, যেখানে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। গতকাল শনিবার দুপুরে উবারে করে বনানী যাওয়ার পথে তার গাড়িতে আকস্মিকভাবে আগুন ধরে যায়। এ সময় গাড়ি দ্রুত আগুনে পুড়ে গেলেও পারশা মাহজাবীন কোনোভাবে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

পারশা মাহজাবীন নিজের ফেসবুক পোস্টে এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি লেখেন, “কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়ায় আমার গলা এখনও জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজা খুলতে পারিনি, কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি, তা ভাবতেই পারছি না।”

দুর্ঘটনার পর পারশা তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় তার গাড়িটি দাউ দাউ করে জ্বলছে এবং আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছে। ভিডিওটি দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার নিরাপত্তা সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

পারশা এই ভয়াবহ মুহূর্ত সম্পর্কে আরও বলেন, “উবারে করে বনানী যাচ্ছিলাম, হঠাৎ কুর্মিটোলার সামনে গাড়িতে আগুন ধরে যায়। প্রথমে কী ঘটছে বুঝতে পারছিলাম না। ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসছিল, দরজাও খুলতে পারছিলাম না। কোনোরকমে বের হয়ে এসেছি, বুঝতেই পারছি না কীভাবে বেঁচে গেছি!”

অগ্নিকান্ডের কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিনের ত্রুটি অথবা তাপমাত্রা বৃদ্ধির কারণে আগুন লেগে থাকতে পারে।