গুলিবিদ্ধ যুবক, পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি, খুলনায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত এক যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গুরুতর আহত অবস্থায় রাজু হাওলাদার নামে ওই যুবককে হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথেই এই হামলার মুখে পড়তে হয়।

ঘটনাটি ঘটে সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায়। সেখানে রাজু হাওলাদারকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

চিকিৎসকদের পরামর্শে সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে সেখানেই শেষ হয়নি আতঙ্ক। রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে আবারও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি অ্যাম্বুলেন্সের গায়ে লাগে। পরিস্থিতি বুঝে চালক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন।

 

অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক বলেন, “হাসপাতাল থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই কুদির বটতলা এলাকায় সন্ত্রাসীরা গুলি চালায়। আমি দ্রুত গাড়িটি থানায় নিয়ে যাই, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

 

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মেদ জানান, “গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।”

 

পুলিশ জানায়, আহত রাজু হাওলাদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা বলছেন, কোথায় এবং কখন তার ওপর প্রথম হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবায় হামলার ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।