ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করল এনবিআর

প্রকাশিত: 25 November 2026, 11:42 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জে নাশকতা ও সহিংসতায় অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।

ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ ও জেলার বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতারাও রয়েছেন।

গোয়েন্দা সূত্র জানায়, ব্যাংক হিসাব জব্দ ও লেনদেন যাচাইয়ের তালিকায় থাকা ৯৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন কোটালীপাড়া উপজেলার। এ ছাড়া কাশিয়ানী উপজেলার ১৯ জন, গোপালগঞ্জ সদরের ১৭ জন, টুঙ্গিপাড়ার ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জন রয়েছেন। চারটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আবাসন ও পরিবহন খাতের কোম্পানি।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও আয়কর গোয়েন্দা বিভাগ এই হিসাবগুলো জব্দ করেছে। গোয়েন্দারা ব্যাংক হিসাবের পাশাপাশি মোবাইল আর্থিক সেবার লেনদেনও খতিয়ে দেখছেন।

গোপালগঞ্জে নভেম্বরের শুরু থেকে সহিংসতার ধারা চলছে। ১৫ থেকে ১৯ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, পুলিশ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে।

উল্লেখ্য, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে ১৯ নভেম্বর ঢাকার বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারি বাঙলা কলেজের ছাত্র সাগর আহমেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন