গ্রিসে চ্যাটজিপিটির কথায় বিবাহবিচ্ছেদ, নতুন প্রযুক্তির প্রভাব

অনলাইন ডেস্ক:

এআই প্রযুক্তি, বিশেষত ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি, এখনো আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় পূর্ণ মাত্রায় প্রবেশ না করলেও, এটি ইতোমধ্যেই জীবনে অস্বাভাবিক ও অবাক করার মতো প্রভাব ফেলতে শুরু করেছে। সম্প্রতি গ্রিসে ঘটেছে এমন একটি ঘটনা, যেখানে একটি নারী চ্যাটজিপিটির বিশ্লেষণকে বিশ্বাস করে তার ১২ বছরের সংসার ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, এক দম্পতি দীর্ঘ এক দশক ধরে বিবাহিত ছিলেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে। তবে কিছুদিন ধরে স্ত্রীর সন্দেহ হয়, তার স্বামী পরকীয়ায় জড়িয়েছেন। কিন্তু এই সন্দেহের কোনো নির্ভরযোগ্য প্রমাণ ছিল না। তখন স্ত্রী চ্যাটজিপিটির সাহায্য নিতে সিদ্ধান্ত নেন এবং তার স্বামী ও নিজের কফি কাপের ছবি চ্যাটজিপিটির কাছে বিশ্লেষণের জন্য পাঠান।

চ্যাটজিপিটি তার বিশ্লেষণে স্ত্রীর সন্দেহকে সত্য প্রমাণ করে জানায়, তার স্বামী একজন কমবয়সী নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন। তাছাড়া, ওই নারীর নাম ‘ই’ দিয়ে শুরু এমন তথ্যও দেয়। চ্যাটজিপিটির দেওয়া এই বিশ্লেষণেই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করার সিদ্ধান্ত নেন।

স্বামী এ বিষয়ে মন্তব্য করেন, “প্রথমে আমি বিষয়টিকে হালকাভাবে নিয়েছিলাম, তবে পরে দেখলাম, আমার স্ত্রী বিষয়টিকে খুব সিরিয়াসভাবে নিয়েছে।” বর্তমানে, এই মামলা আদালতে চলমান এবং আদালতের আইনজীবীরা বলছেন, চ্যাটজিপিটির ভবিষ্যৎবাণী আদালতে গ্রহণযোগ্য হতে পারে না। এমনকি আদালতও এ ঘটনাটিকে অবাক হয়ে দেখছে।

এই ঘটনা নতুন প্রযুক্তির প্রতি মানুষের আস্থা এবং তার প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে, যা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।