অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের ফটিকছড়িতে আকাশমণি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিমান চত্বর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম মো. ইমন (২৭)। তিনি ওই এলাকার ফকির আহমদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় ইমন। এরপর আর ফিরেনি। পরদিন সকালে স্থানীয় এক কৃষক হালদা নদীর তীরে আকাশমণি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ইমন কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালাতো। তার স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ভূজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খালে মিললো শিক্ষার্থীর লাশ: এদিকে, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে খালে ভাসমান অবস্থায় ইয়াছিন আরাফাত (১৩) নামে এক হেফজখানার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। ইয়াছিন আরাফাত (১৩) ওই এলাকার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। তিনি পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। ইয়াছিন আরাফাতের চাচা মহিউদ্দিন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে আরাফাত আর বাড়ি ফিরেনি।
পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরফাতের লাশ শনাক্ত করা হয়। তিনি আরও জানান, গত মাসে আমার ভাই সৌদি আরব যাওয়ার পর তারা গ্রামের বাড়িতে চলে আসেন। আরফাতকে পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজখানায় ভর্তি করানো হয়। আগে তারা পুরান ঢাকার লালবাগে বসবাস করতেন। সেখানে একটি মাদ্রাসায় ইয়াছিন আরাফাত পড়াশোনা করতো। সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া পৌরসভার চরপাড়ার খালে ভাসমান অবস্থায় ইয়াছিন আরাফাত নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।











