চাঁদপুরে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

জেলা প্রতিনিধি :

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার একটি ভবনের চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সেহেরির সময় খাবার গরম করার মুহূর্তে গ্যাস চুলার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন—বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ী আবদুর রহমান (৫০), তার মা খাদিজা (৬০), স্ত্রী শানু (৪০), ছোট ছেলে মাহিন (১৬), ইমাম হোসেন (৩০) এবং ছেলের বউ নুসরাত নিবা (১৬)।

পাশের ফ্ল্যাটের বাসিন্দা কলেজ শিক্ষার্থী জিহান ও তার মা কুলসুমা বেগম জানান, ভোর সাড়ে ৪টার দিকে খাবার গরম করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।

বাড়ির মালিক জাকির হোসেন বলেন, “বিস্ফোরণে ঘরের দুটি খাট পুড়ে গেছে এবং পুরো রুম অন্ধকার হয়ে যায়। বিস্ফোরণের পর বাসার লোকজন দরজা ভেঙে বের হয়ে আসেন। স্থানীয়রা দ্রুত গ্যাস লাইন বন্ধ করে দেন এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান ফয়সল হোসেন ও হাসপাতালের সুপার ডা. মাহবুবুর রহমান জানান, গুরুতর দগ্ধ চারজনের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে, তারা শঙ্কামুক্ত নন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।