চাঁদপুরে ভয়াবহ আগুনে ১১টি দোকান ছাই, আহত ১০

জেলা প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় কমপক্ষে ১০ জন বাসিন্দা।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল কাপড়ের দোকান, খাবারের হোটেল, স্বর্ণের দোকান, মাইক ও ব্যাটারির দোকান, ওষুধের দোকান, টেইলার্সসহ অন্তত ১১টি প্রতিষ্ঠান। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

একজন সিএনজিচালক প্রথম আগুন দেখতে পান এবং এরপর স্থানীয়রা মাইকিং করে আশপাশের মানুষকে সতর্ক করেন। তারা জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, এবং চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, “চাঁদপুর ও ফরিদগঞ্জের ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেভাতে সহায়তা করে। কাঠের দোকান, ওষুধ, কাপড় ও স্বর্ণের দোকানসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।”

তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগকেই সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।