অনলাইন ডেস্ক:
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ হলে মূল্যস্ফীতি কমে আসবে। তিনি অভিযোগ করেছেন, যাত্রাবাড়ী, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে চাঁদাবাজি এখনও চলছে, যা মূল্যস্ফীতির অন্যতম কারণ।
গতকাল বুধবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে জাগো নিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হাতেম বলেন, “গণমাধ্যমে শুনেছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি রাতে দেড় কোটি টাকা চাঁদা পেতেন। কিন্তু বর্তমানে চাঁদাবাজির প্রক্রিয়ায় কি কোনো পরিবর্তন ঘটেছে? এখনো যাত্রাবাড়ীসহ বিভিন্ন বাজারে চাঁদাবাজি হচ্ছে, যা বন্ধ করতে হবে। না হলে পণ্যের দাম বাড়তেই থাকবে এবং মূল্যস্ফীতি কমবে না।”
তিনি আরও বলেন, “আমাদের রপ্তানিমুখী শিল্পের গাড়ি শরীফ মেলামাইন কাঁচপুর ব্রিজে নারায়ণগঞ্জের কয়েকটি পয়েন্টে আটকে থাকে। সেখানে রপ্তানিকারকদের হয়রানি করা হয়। এলসির কপি, ইউডির কপি চাওয়া হয়, যা সব সময় নিয়ে যাওয়া সম্ভব নয়। পরে এসব বিষয়ে জরিমানা করা হয়, যা অসংগতিপূর্ণ।”
রপ্তানি খাতের সমস্যা তুলে ধরে মোহাম্মদ হাতেম বলেন, “রপ্তানির ক্ষেত্রে জিরো ভ্যাট ঘোষণা করা হলেও নানা অজুহাতে ভ্যাট বসানো হয়। এক ব্যবসায়ীর ১১ কোটি টাকার ভ্যাট রেডি করা হয়েছিল, সই ছাড়াই। পরে নেগোসিয়েশনের মাধ্যমে সেটি কমিয়ে আনা হয়। ব্যবসায়ীদের ভ্যাটের নামে এ ধরনের হয়রানি বন্ধ হওয়া উচিত।”
এ গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক ড. এম এম আকাশ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকার সাবেক চেম্বার সভাপতি আশরাফ আহমেদ, ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন এবং অন্যান্য ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
এ সভা পরিচালনা করেন জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক।











