চাকরিতে বৈষম্য হলে আন্দোলনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

চাকরিতে বৈষম্য ও শিক্ষকদের বদলি নীতিমালার বৈষম্য নিরসনের দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, “যদি সরকার দেশের জনগণের জন্য কাজ না করে এবং চাকরির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে, তাহলে সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো।” গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “আমি এই সরকারকে সমর্থন করেছি, তবে তার মানে এই নয় যে, আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে।” তিনি আরও বলেন, “শিক্ষকরা জাতির বিবেক, তাদের দাবির বিষয়ে আপনাদের পদক্ষেপ নিতে হবে। রাস্তায় যদি শিক্ষক থাকে, তাহলে সরকারের বা দেশের মান থাকে না। যত দ্রুত পদক্ষেপ নেবেন, তত ভালো।”

এদিকে, অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা বলেন, “আমরা বহুদিন যাবত বদলি চালুর জন্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি, কিন্তু সরকার আমাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না।” তারা অভিযোগ করেন, “গত বছরের ১৯ ডিসেম্বর শিক্ষকদের জন্য যে বদলি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে, তা চরম বৈষম্যমূলক। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার বৈষম্য নিরসন ও সংশোধন পূর্বক সব শিক্ষকের জন্য বদলি চালু করা প্রয়োজন।”

ফোরামের সদস্যরা আরও জানান, “যদি আমাদের দাবির প্রতি সরকার সাড়া না দেয়, তবে এই আন্দোলন আরো তীব্র করা হবে।”