অনলাইন ডেস্ক:
চীনের গবেষকেরা এমন এক হিউমেনয়েড রোবট তৈরি করছেন, যা কৃত্রিম জরায়ুর মাধ্যমে প্রায় ১০ মাস পর্যন্ত গর্ভধারণ করতে পারবে। বিজ্ঞানীদের মতে, এই উদ্ভাবন বন্ধ্যাত্বগ্রস্ত দম্পতিদের জন্য এক নতুন আশার দিগন্ত খুলে দিতে পারে।
চীনের গুয়াংঝো-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কাইওয়া টেকনোলজি এই রোবটটির প্রোটোটাইপ তৈরি করছে। প্রকল্পের নেতৃত্বে রয়েছেন ড. ঝাং চিফেং। তিনি জানান, এই হিউমেনয়েড রোবটের পেটে কৃত্রিম জরায়ু বসিয়ে মানুষের সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে গর্ভে ভ্রূণের বৃদ্ধি ঘটানো হবে।
তবে বিজ্ঞানীরা এখনো নির্দিষ্ট করে বলতে পারেননি, কিভাবে ডিম্বাণু ও শুক্রাণু প্রজনন ও প্রতিস্থাপনের প্রক্রিয়া পরিচালিত হবে এবং জন্ম দেওয়ার চূড়ান্ত ধাপ কীভাবে কার্যকর হবে।
এই প্রযুক্তিতে সন্তান ধারণের খরচ আনুমানিক ১ লাখ ইউয়ান (প্রায় ১৩,৯০০ মার্কিন ডলার), যা যুক্তরাষ্ট্রের একজন মানব স্যারোগেট মায়ের তুলনায় অনেক সস্তা। যুক্তরাষ্ট্রে স্যারোগেসি খরচ প্রায় ১ থেকে ২ লাখ ডলারের মধ্যে পড়ে।
ড. ঝাং বলেন, “এই প্রযুক্তি শুধু বিজ্ঞানের উন্নয়ন নয়, এটি মানব জীবনের এক নতুন সম্ভাবনার পথ। আমরা আশা করি, এটি এমন দম্পতিদের জন্য আশার আলো হয়ে উঠবে, যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই রোবটভিত্তিক গর্ভধারণ প্রযুক্তি যেমন চিকিৎসাক্ষেত্রে অগ্রগতি, তেমনি এটি সমাজ, নৈতিকতা এবং আইনত দিক থেকেও গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিচ্ছে।
চীনের গুয়াংডং প্রদেশের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নীতিমালা ও আইনগত কাঠামো তৈরির জন্য আলোচনা ও প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রযুক্তিটি বৈশ্বিক পরিসরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।











